আলো ডেস্ক: আমদানির খবরেই দেশের বাজারে কমতে শুরু করে পেঁয়াজের দাম। গত সোমবার দেশে পৌঁছে ভারতীয় পেঁয়াজ। এখনও তা বাজারে আসেনি। তবে গতকাল মঙ্গলবার বাজারে এ পণ্যের দাম সোমবারের তুলনায় কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। গতকাল মঙ্গলবার খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। যদিও পাড়া-মহল্লার মুদি দোকানের চিত্র কিছুটা ভিন্ন।
মিরপুর ১ ও ২ নম্বরের কাঁচা বাজার, মুদি দোকান এবং ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বাজারে পেঁয়াজের দাম কম। বিক্রেতারা জানান, দুই দিন আগেও তারা ৯০ থেকে ১০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন। কিন্তু গতকাল মঙ্গলবার বিক্রি করছিলেন ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।
পাইকারি পেঁয়াজ বিক্রেতা মো. আজাদ বলেন, আমরা পাইকারি বিক্রি করি। আজ পেঁয়াজ বিক্রি করছি ৬০ থেকে ৭০ টাকা কেজি। সাইজের ওপর দাম ৬০, ৬৫ বা ৭০ টাকা হয়ে থাকে। সেমাবার বিক্রি করেছি ৭০ থেকে ৮০ টাকা দরে। তার আগেরদিন বিক্রি করছি ৮০ থেকে ৯০ টাকা কেজি। তিনি বলেন, আমদানির খবরে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমে গেছে।
আমাদের এখানে এখনও ভারতীয় পেঁয়াজ পৌঁছায়নি। আজ রাতে পৌঁছাতে পারে। তখন দাম আরও কমে যাবে। খুচরা পেঁয়াজ বিক্রেতা শরিফুল আলম বলেন, আজ (গতকাল মঙ্গলবার) পেঁয়াজ বিক্রি করছি ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। গত সোমবার আর তার আগের দিন বিক্রি করেছি ৯০ থেকে ১০০ টাকা কেজিতে।
গতকাল মঙ্গলবার এলাকায় ভ্যানগাড়িতে পেঁয়াজ বিক্রি হয় ৮০-৮৫ টাকা কেজিতে। এরকম ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রেতা মো. বিল্লাল বলেন, আমি গত দুই-তিন দিন ৯০, ১০০, ১০৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছি। আজ দাম কমে গেছে। তবে পাড়া-মহল্লার মুদি দোকানে আজও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। বিক্রেতারা জানান, তারা আগের দামে পেঁয়াজ কিনেছেন। তাই কম দামে বিক্রি করতে পারছেন না। বেশি দামে কেনা পেঁয়াজ শেষ হলেই বর্তমান দামে বিক্রি করবেন।
