আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাস্তবায়নের অনুমতি না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারা। এতে সোমবারের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী শনিবার দুপুর ২টা থেকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, শফিকুর রহমানসহ দলটির নেতা ও আলেম ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি তাদের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালাম, মহানগরী মজলিসে শুরা আশরাফুল আলম ইমন প্রমুখ।
পুলিশের চেকপোস্ট-তল্লাশি: এদিকে জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখসহ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্টের বসায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। গতকাল সোমবার ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এ ছাড়া সাভার বাসস্ট্যান্ড, বিরুলিয়া ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলেছে।
সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। এ সমাবেশকে ঘিরে যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে এজন্য সতর্ক অবস্থানে রয়েছি। আমিনবাজার নিয়মিত চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সন্দেহভাজন বিভিন্ন পরিবহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। তবে এখনও কেউ আটক হয়নি। আমিনবাজার ছাড়াও বিরুলিয়া, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট রয়েছে।
