আলো ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাগর মিয়া। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোর ওপরে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হন। নিহত আদম আলী ফকির উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দসাংসা গ্রামের মৃত সিরাজউদ্দীনের ছেলে।
আদম আলীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে অটোতে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে বিরিশিরি আঞ্চলিক সড়কের ঘোড়াইত নামক স্থানে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা।
এ সময় একটি রেন্টি গাছ অটোর ওপর আছড়ে পড়ে। এতে আদম আলী অটোর ভিতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মৃত্যুর খবরটি আমাদের কাছে এসেছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
