আলো ডেস্ক: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন।আহত হয়েছে আরও ২ জন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী আনোয়ারা সড়কের বড় উঠান এলাকায় দ্রæতগামী যাত্রীবাহী বাসের সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরও দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
অন্যদিকে চট্টগ্রামের মীরসরাইয়ে মালামালবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় বাসের আরও পাঁচজন যাত্রী আহত হন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিনহাজ উদ্দিন (২৬) কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী সবুজপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মালামালবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাসচালকের সহকারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক পুলিশ জব্দ করেছে।
শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিরোধের জেরে শাহেদুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সে পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের বাথুয়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
