আলো ডেস্ক: মাত্র দুই হাজার টাকার জন্য জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন তারই দুই বন্ধু। গত শুক্রবার গভীর রাতে রাজধানীর মিরপুর মডেল থানার লাভ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত দুই বন্ধু সাগর (৩২) ও শাহেদকে (৩৫) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার এ তথ্য জানান মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি জানান, জাহাঙ্গীর একজন ড্রাইভার এবং মোটর মেকানিক। তার বন্ধু সাগর ও শাহেদও মোটর মেকানিক। জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেতেন সাগর। এ টাকা নিয়েই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ কথা কাটাকাটিকে কেন্দ্র করেই জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন সাগর, শাহেদ।
তিনি বলেন, প্রথমে তারা তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেন। শাহেদ মোটরসাইকেল চালান, সাগর পেছনে বসে আর দুইজনের মধ্যে বসানো হয় জাহাঙ্গীরকে। মাঝে তারা মদ খান। রাত পৌনে ১২টার দিকে তাদের মোটরসাইকেল লাভ রোড এলাকায় পৌঁছাতেই চলন্ত মোটরসাইকেলেই সাগর জাহাঙ্গীররের গলা কেটে দেন।
এরপর চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। গলাকাটা অবস্থায় জাহাঙ্গীর হেঁটে হেঁটে কিছু দূর যান এবং কয়েকজনের কাছে সহযোগিতা চান। কিন্তু তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। ওসি মহসীন জানান, খবর পেয়ে পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে জাহাঙ্গীর আশঙ্কামুক্ত হলেও তার শ্বাসনালি কেটে গেছে।
এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আবদুল হালিম একটি মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি সাগর ও শাহেদকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং আসামির রক্তমাখা জামা।
