আলো ডেস্ক: রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় জেলা পরিষদের মার্কেট নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ সমাবেশের যৌথভাবে আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা ও মহানগর কমান্ড, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সংসদ।
এ সময় বক্তব্য দেন- সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নেই। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে যে জায়গাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে জেলা পরিষদ চেয়ারম্যান মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। এটি মুক্তিযোদ্ধারা কোনদিনও হতে দেবে না।
তারা আরও বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে এ জায়গাটি নির্ধারণের জন্য যে আন্দোলন হয়েছিল বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নিজেই নেতৃত্বে ছিলেন। অথচ তিনি জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে সব ভুলে গেছেন লোভের কারণে। এখন তিনি সেই জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা হয়।
এ চাইলে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমাদের সবার অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে মাটি পরীক্ষাও করা হয়েছে। সেখানে একটি শহীদ মিনার ও একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স তৈরি করা হবে। তিনি আরও বলেন, ব্যাংকে আমাদের টাকা পড়ে আছে। শিগগির আমরা কাজটি শুরু করবো।
আমি একজন মুক্তিযোদ্ধা। এখানে শহীদ মিনার নির্মাণ করে যেতে পারবো এটা একটি ভাগ্যের ব্যাপার। ফালতু কিছু লোকজন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে আমাদের কিছু যাবে-আসবে না। এটা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্মাণ করা হবে।
