আলো ডেস্ক: সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপন জারি করে এই ছুটির কথা জানায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গাজীপুর সিটিতে ভোট হবে বলে এর আগে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। এদিকে, শেষ সময়ে জোরেসোরে ভোটের প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রæতি। এদিকে এ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১২টায়। এরপর কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে প্রচার বন্ধ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে। গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৫ মে সকাল ৮টায়। এই হিসেবে প্রচার বন্ধ করতে হবে মঙ্গলবার রাত ১২টায়।
নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থী আচরণবিধি না মানলে বিভিন্ন মেয়াদে জেল এবং জরিমানার বিধান রয়েছে।
