আলো ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার (১৩) নামে এক ছাত্রী আহত হয়েছে। এতে তার কপালের অনেকাংশ কেটে যায়। কপালে সাতটি সেলাই লেগেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফাহিমা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ বলেন, বৈদ্যুতিক পাখা খুলে কপালে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে। তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ কয়েকবছর ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলো নড়বড়ে হয়ে আছে। মাঝে মধ্যে খুলে পড়ার মতো পরিস্থিতি হতো। শিক্ষকদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। সঠিক সময়ে পাখাগুলোর ত্রুটি সমাধান করলে এখন আর খুলে পড়তো না।
ফাহিমাকেও দুর্ঘটনার শিকার হতে হতো না। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভবনটির অবস্থা জরাজীর্ণ। বর্ষায় ভবনের ছাঁদ চুয়ে পানি পড়ে। ছাদটি ড্যামেজ হওয়ায় পাখার নাট-স্ক্রুগুলো দুর্বল হয়ে গেছে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। অন্য কোনো উপায় না থাকায় ঝুঁকি থাকা সত্তে¡ও ভবনটিতে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। একটি ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। তবে ফাহিমার আহতের বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।
