আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম নুরীর জিহ্বা কেটে গুরুতর আহত করে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলার আসামি মাহবুবুল আলম শিমুলের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেসড রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এম এ আউয়াল। গত ৪ মার্চ তিনি বিজয়নগর থানার দৌলতবাড়ি দরবার শরীফে ওয়াজ শেষে তার মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মক আহত করা হয়।
এ সময় তার জিহ্বাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গত ৪ মার্চ গভীর রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ মার্চ মাওলানা শরীফুল ইসলাম নুরীর চাচা মো. আবদুল বাছির ভূইয়া বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার পরে ৮ মার্চ বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), আমির আলী ভূইয়ার ছেলে মাহবুবুল আলম শিমুল (৩৩), চাওড়া দৌলতবাড়ী গ্রামের আবদুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিংলাবাড়ি গ্রামের শেবু মিয়ার ছেলে মো. আমিরুল ইসলাম রিমনকে (২০) গ্রেপ্তার করে র্যাব।
