স্টাফ রিপোর্টার
প্রবীণ রাজনীতিবিদ, সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের নামাজের জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়। পরে হেতমখাঁ কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ কবির হোসেনের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
দুপুর আড়াইটায় সাহেব বাজার জিরোপয়েন্টে মরহুমের জানাজার নামাজের আগে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাসিক মেয়র। জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এ ছাড়া দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ জানাজার নামাজে অংশ নেন। এর আগে গত বুধবার দুপুর ২টা ৫০ নিমিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি নেতা অ্যাডভোকেট কবির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কবীর হোসেন স্ত্রী নারগিস বেগম ছাড়াও দুই মেয়ে ও এক ছেলে অস্থির হোসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবীর হোসেন রাজশাহী নগরের উপ-শহর এলাকার ৩ নম্বর সেক্টরের ১৭৩/৩ নম্বর বাড়িতে বসবাস করতেন। কবির হোসেন বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ ও ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
প্রথমে ১৯৯১ সালে রাজশাহী সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও পরে তাকে ভূমি প্রতিমন্ত্রী করা হয়। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালের নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লাহর কাছে পরাজিত হন প্রবীণ রাজনীতিবিদ কবির হোসেন।
