আলো ডেস্ক: আগামী তিন দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, পরবর্তীতে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে এই লঘুচাপ ঘনীভুত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবার শঙ্কা প্রকাশ করেছে কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক। যা আগামী ১৩ থেকে ১৬ মে এর মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে শঙ্কার কথা বলেন তিনি। আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অধিদপ্তরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসেও বলা হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ১৩ থেকে ১৬ মে’র মধ্যে সরাসরি বাংলাদেশের উপকুলে এই ঘূর্ণিঝড় আঘাত করার প্রবল শঙ্কা দেখা যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল পর্যালোচনা করে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ৮ থেকে ৯ মে এর মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হয়ে ১০ মে’র মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়া এবং ১১ মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ সম্ভাবনার কথা নির্দেশ করছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আমরা লঘুচাপের পূর্বাভাস দিয়েছি। গভীরভাবে এটিকে পর্যবেক্ষণ করা হবে।
যদি লঘুচাপটি ঘনীভূত হয় তাহলে এটি শুরুতে নিম্নচাপ, এরপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে, পরে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু এখনই নিশ্চিত করে এটা বলা সম্ভব না যে, ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। সুতরাং এখন আমাদের পর্যবেক্ষণ করে যেতে হবে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
এদিন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী যশোরে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চাঁদপুরে ৩৮, সাতক্ষীরায় ৩২, ভোলায় ৩০ ও বরিশালে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৭ মিলিমিটার বৃষ্টি হয়। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
ঢাকায় গতকাল বৃহস্পতিবার পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পেতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ঢাকায় গতকাল বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আজ শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।
