আলো ডেস্ক: ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেতে অগ্নিনির্বাপণ আইন-২০০৩ সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, অগ্নিনির্বাপণ আইন-২০০৩ অনুযায়ী আমরা নোটিশ ও মামলা দিতে পারি। এ আইনের আদলে সর্বোচ্চ সাজা তিন বছর।
এটাকে অবশ্যই সংস্কার করা প্রয়োজন আছে, এ কাজটি হাতে নেবো। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিল্ডিং কোডের সঙ্গে অগ্নিনির্বাপণ আইন সাংঘর্ষিক। এটিও সংস্কার করা জরুরি। আমরা ছয়তলার ওপরের ভবনগুলোকে বহুতল ভবন বলি, কিন্তু রাজউক ১০ তলার উপরের ভবনগুলোকে বহুতল ভবন বলে। এ তথ্য সংস্কার করতে হবে। রাজউক কোনো ভবন তৈরিতে নিষেধাজ্ঞা দেয়নি।
২০২২ সালে যে আইন পাস হয়েছে সেটি এরইমধ্যে পুরোনো হয়ে গেছে। বিএমডিসি কোড আমাদের মডিফাই করতে হবে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, মামলা করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। আইনের প্রক্রিয়ায় আছে।
বিচারাধীন বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। তিনি বলেন, হামলায় ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যার মধ্যে একটি গাড়ির দাম ৮ কোটি টাকা। এসব গাড়ি নিয়েই আমরা মানুষের পাশে দাঁড়াই।
