আলো ডেস্ক: কারামুক্তির পর কার্যালয়ে গিয়ে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে এ মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার।
নিজের কারামুক্তির জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী। ১৪৫ দিন পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ফিরেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার সকাল পৌনে ১২টার দিকে তিনি দলীয় কার্যালয়ের সামনে আসেন। এর আগে থেকেই রিজভীকে স্বাগত জানানোর জন্য কয়েকশ নেতাকর্মী সেখানে অপেক্ষা করছিলেন।
পরে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারীসহ আরও অনেকে। গতবছরের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।
