আলো ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
এ দিন সাক্ষ্য দিতে একজন সাক্ষী আদালতে উপস্থিত হন। তবে তিনি সাক্ষ্য দিতে প্রস্তুত না থাকায় বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য ১১ মে দিন ধার্য করেন। এর আগে এ মামলার বাদী দুদকের উপণ্ডপরিচালক (অবসরপ্রাপ্ত) রাহিলা খাতুন সাক্ষ্য দেন। ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা হয়।
পরের বছরের (২০০৮ সালের) ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। অভিযোগপত্র দাখিল হওয়ার পর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। যে কারণে দীর্ঘদিন মামলার বিচার বন্ধ থাকে। পরে হাইকোর্ট ফালুর আবেদন খারিজ করে দেন। ২০১৮ সালের ২৭ আগস্ট ফালু পলাতক থাকা অবস্থায় এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
এরপর থেকে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য থাকলেও গত ১ ফেব্রুয়ারি প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইস্যু করে।
নোটিশের পরিপ্রেক্ষিতে ফালু ওই বছরের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদক তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়।
