আলো ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি সফরে ভারতে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বুধবার তিন দিনের সরকারি সফরে ভারত যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন।
সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানরা ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া এই সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাগুলো পরিদর্শন করবেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত দুই বছরে বাংলাদেশ ও ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভ‚তপূর্ব উন্নতি হয়েছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল ভারত থেকে দেশে ফিরে আসবেন।
