আলো ডেস্ক: বরগুনার তালতলীতে বাল্যবিয়ের প্রস্তুতির সময় ঘটকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের মো. সরোয়ার খানের মেয়ের সঙ্গে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আক্কেলপুর এলাকার নিজাম নাজিরের ছেলে রাব্বির (২২) সঙ্গে ঘটক সেন্টু মৃধার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান।
আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ আয়োজকেরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কনের বাবা, ছেলের ভাই ও ঘটককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটক সেন্টুকে এক মাস, মেয়ের বাবা সরোয়ার খান ও ছেলের ভাই ছাব্বিরকে সাতদিন করে কারাদণ্ড দেন। একই সঙ্গে হরিণখোলা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেমকে বিয়ে পড়ানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গতকাল বুধবার সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
