আলো ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বিদ্যুতের সংকট নেই। ভারত থেকে বিদ্যুৎ ইনপুট করে লাইনে এসে গেছে। আমরা রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাচ্ছি। তবে হঠাৎ তীব্র গরম পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে।
যার ফলে বিদ্যুতের তিনগুণ চাহিদা বেড়ে গেছে। সে জন্য চাপ সৃষ্টি হয়ে দেশে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। কিছু দিনের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার দুপুরে গভীর নলকূপ ও টুইন পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ঢাকার বড় বড় মার্কেটে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিষয়টি খুবই দুঃখজনক। দেশের একটা গোষ্ঠী আছে যারা সব সময় দেশের মানুষের ক্ষতি করতে চায়, এই অগ্নিকাণ্ডের বিষয়ে সরকার খতিয়ে দেখছে। এসময় উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ প্রমুখ।
