আলো ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলনের ডাক এলে কেউ ঘরে বসে থাকবেন না। আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। গত বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় খন্দকার আবু আশফাকের বাড়ির আঙিনায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই অবৈধ সরকারকে হটাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে শপথ নিতে হবে। সেই শান্তির বাংলাদেশ না হওয়া পর্যন্ত শপথ নিয়ে কাজ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকারের অবস্থা বেশি ভালো না। এখন শুধু ফাও বুলি উড়াচ্ছে।
খুব নড়বরে অবস্থায় রয়েছে। কাজেই এখনই সময় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভোট ডাকাতিতে এই সরকার সেরা, গুম, খুনেও সেরা। মিথ্যাচার করার কোনো জুড়ি নেই। বাংলাদেশে কোনো রির্জাভ নেই। ব্যাংকে টাকা নেই। এলসি খুলতে পারছে না। কতটা লুটপাট হচ্ছে এটাই তার প্রমাণ। কাজেই এই সরকারকে যদি আর একদিন সময় দেওয়া হয় তবে তা পূরণ করতে এক বছর সময় লেগে যাবে। তাই দ্রæত সময়ের মধ্যে সরকারের পতন ছাড়া জনগণের আর কোনো রাস্তা নেই।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। এসময় আবদুল আওয়াল মিন্টু বলেন, আগামী রমজান মাসে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ইফতার করবো।
এসময় আর বক্তব্য দেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ঢাকা জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
