আলো ডেস্ক: ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় আগাম কর প্রত্যাহারের এ প্রস্তাব করেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
জসিম উদ্দিন বলেন, শিল্প পরিচালনার ব্যয় কমানোর জন্য আমদানি পর্যায়ে অগ্রিম আয়করের (এআইটি) হার ধাপে ধাপে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করছি, যেটি বর্তমানে ৫ শতাংশ। অগ্রিম আয়করের হার আগে ৩ শতাংশ ছিল। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করছি। একই সঙ্গে নারী ও সিনিয়র নাগরিকদের জন্য সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেন তিনি।
আয়কর আইনের মৌলিক বিষয়গুলো আবশ্যিকভাবে আন্তর্জাতিক ও দেশের বিনিয়োগ চাহিদার সঙ্গে সমন্বয় করে যুগোপযোগী আয়কর আইন প্রণয়ন করার কথা বলা হয়। আসন্ন বাজেট সামনে রেখে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। সেগুলোর মধ্যে রয়েছে- শুল্কায়ন, পণ্য খালাস এবং সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ত্বরান্বিত করার জন্য অনলাইন প্রক্রিয়াসহ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) সংক্রান্ত কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা। উৎপাদন, আমদানি ও রপ্তানি পর্যায়ে আরোপিত সব ধরনের শুল্ক ও কর এবং খালাস প্রক্রিয়া বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব কাস্টমস সংস্থা এবং আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ করা।
ঝুঁকি ব্যবস্থাপনা কার্যকর এবং জোরদার করে ফাঁকি দেওয়া কর আদায়ের জন্য প্রণোদনা হিসেবে নিয়মিত স্কেলের বেতন ভাতাদির অতিরিক্ত হিসেবে কর কর্মকর্তাকে পুরস্কার দেওয়ার বিধান বাতিল করার দাবি জানানো হয়। এতে কর আদায়ে হয়রানি বন্ধ হবে বলে মনে করে এফবিসিসিআই। রাজস্ব আহরণ এবং রাজস্ব পলিসি কার্যক্রম পৃথক করে জাতীয় রাজস্ব বোর্ডের ট্রেড ফ্যাসিলিটেশন বিভাগ গঠন করা। উৎপাদনশীল, রপ্তানিমুখী গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পসহ নারী উদ্যোক্তাদের সমন্বয়ে খাতভিত্তিক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলিকে যৌথ ব্যবস্থাপনায় বন্ডেড ওয়্যার হাউজ এবং বিতরণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ই-কমার্সের সঙ্গে প্রতিযোগিতা সক্ষম করা।
রপ্তানি বৃদ্ধির সুবিধার্থে সংশ্লিষ্ট সব রপ্তানি ও শিল্প খাতে করমুক্ত রেয়াতি হারে বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সরবরাহের প্রস্তাব করেন এফবিসিসিআই সভাপতি। সভায় নির্ধারিত সীমার অতিরিক্ত টার্নওভারকারি একক বা সম্পর্কিত এন্টারপ্রাইজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে এলটিইউ তালিকাভুক্ত করা এবং বর্তমানে কার্যকর করদাতা ইউনিটের (লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট) পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রামে আরও একটি করে এলটিইউ স্থাপন করার প্রস্তাব করে এফবিসিসিআই। এফবিসিসিআই সভাপতি বলেন, অধিক সংখ্যক ভ্যাট নিবন্ধন এবং রিটার্ন দাখিলের জন্য বরিশাল ও ময়মনসিংহ বিভাগে পৃথক ভ্যাট কমিশনারেট স্থাপন করার প্রস্তাব করছি।
উপজেলা পর্যন্ত ভ্যাট অফিসের কার্যক্রম সম্প্রসারিত করে সক্ষম ভ্যাট প্রদানকারীদের ভ্যাট নেটের আওতায় অনার জন্যও প্রস্তাব করছি। তিনি বলেন, বর্তমানে কোম্পানিসমূহের আয়কর হারের শর্তে উল্লেখ আছে, সব ধরনের আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন পাঁচ লাখ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ লাখ টাকার অধিক সব ধরনের ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হব। এসব শর্ত সব কোম্পানির জন্য সমভাবে আরোপ না করে শিল্পভিত্তিক ব্যয়ের অনুপাতের ভিত্তিতে আরোপ করার প্রস্তাব করছি। এ সীমা প্রথম বছর ২০ শতাংশ, পরের বছর ১০ শতাংশ, এর পরের বছর ৫ শতাংশ এবং তার পরের বছর ০ শতাংশ হারে নির্ধরণ করা হলে বাস্তবায়ন সহজ হবে।
মো. জসিম উদ্দিন বলেন, বর্তমানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে ৫ শতাংশ হারে ভ্যাট প্রদানের বিধান রয়েছে। যা ব্যবসার খরচ বহনের ক্ষেত্রে বোঝা হয়ে যায়। পাইকারি ও খুচরা পর্যায়ে ভ্যাট কমিয়ে ০.৫ শতাংশে নিয়ে আসার প্রস্তাব করেন তিনি। অনুষ্ঠানে মূসক সংক্রান্ত প্রস্তাবনায় এফবিসিসিআই সভাপতি বলেন, পণ্য এবং সেবাখাতে মূল্য সংযোজনভিত্তিক একক ১৫ শতাংশ হারে মূসক আরোপ করা হলে খাত নির্বিশেষে সব পণ্য এবং সেবাখাত অসম কর হার এবং জটিলতা থেকে রেহাই পাবে।
কর ব্যবস্থাপনাও সহজ হবে। ইনপুট ভ্যাট সমন্বয় করতে না পারলে সব প্রক্রিয়াজাত পণ্যে এবং সেবার লেনদেন মূল্যের উপর এই আদেশ দ্বারা নির্ধারিত হারে মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ মূসক বহাল করার কথা বলেন। রিয়েল এস্টেট, লোহা ও ইস্পাত খাতসহ তালিকাভুক্ত খাতের জন্য নির্দিষ্ট ট্যারিফভিত্তিক মূসক (ইনপুট ভ্যাট সমন্বয় না করে) বহাল করার প্রস্তাব করেন। এফবিসিসিআই সভাপতি বলেন, উৎপাদন খাতের কোনো প্রতিষ্ঠান (১ম পক্ষ) অন্য কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান (২য় পক্ষ) এর সাথে চুক্তির ভিত্তিতে উপকরণ ক্রয় করলে চুক্তিবদ্ধ ২য় পক্ষ থেকে ১ম পক্ষের নিকট উপকরণ সরবরাহের জন্য মূসক প্রযোজ্য হবে না মর্মে বিধান করার প্রস্তাব করছি।
একই সঙ্গে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষত্রে ৩ শতাংশ আগাম কর ধাপে ধাপে রহিত করার প্রস্তাব করছি। কারণ এর ফলে শিল্প উৎপাদন খরচ বৃদ্ধি পায়। তিনি বলেন, বর্তমানে কোম্পানিসমূহের আয়কর হার-এর শর্তে উল্লেখ আছে, সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন পাঁচ লাখ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ছত্রিশ লাখ টাকার অধিক সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হব।
উপরিউক্ত শর্ত সব কোম্পানির জন্য সমভাবে আরোপ না করে শিল্পভিত্তিক ব্যয়ের অনুপাতের ভিত্তিতে আরোপ করার প্রস্তাব করছি। এ সীমাটি প্রথম বছর ২০ শতাংশ, পরবর্তী বছর ১০ শতাংশ, পরবর্তী বছর ৫ শতাংশ, এবং তার পরবর্তী বছর ০ শতাংশ হারে নির্ধারণ করা হলে বাস্তবায়ন সহজ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মে. রহমাতুল মুনিম।
