আলো ডেস্ক: রংপুর নগরীর মাহিগঞ্জে সালমা বেগম (২৩) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় শ্বশুর ও ননদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ময়মনসিংহের ফুলবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন গৃহবধূর শ্বশুর আক্তার মিয়া ও ননদ আলেয়া বেগম (৩২)।
গত বুধবার রাত ১১টায় রংপুর র্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক কমান্ডার আরাফাত হোসেন। তিনি বলেন, রংপুর মহানগরীর নাচনিয়া মাহিগঞ্জ এলাকার স্বপন মিয়াকে ভালোবেসে চার বছর আগে বিয়ে করেন সালমা বেগম। স¤প্রতি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন সালমা। সেই টাকা থেকে ১০ হাজার টাকা ধার নেন তার ননদ খাসবাগ এলাকার রমজান আলীর স্ত্রী আলেয়া বেগম। গত ২৪ মার্চ সেই টাকা ফেরত চান সালমা। এ নিয়ে পারিবারিক বিরোধ শুরু হয়।
একপর্যায়ে গত ২৮ মার্চ এ নিয়ে তর্কের জেরে শ্বশুর আক্তার মিয়া ও ননদ আলেয়া বেগমসহ অন্যরা গৃহবধূ সালমা বেগমের ঘরে ঢুকে মারধর করেন। পরে তারা সালমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে আশপাশের লোকজন অগ্নিদগ্ধ সালমাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।
সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর ৩১ মার্চ মারা যান সালমা। কমান্ডার আরাফাত হোসেন আরও বলেন, এ ঘটনার পর শ্বশুর ও ননদসহ অন্যরা গা ঢাকা দেন। পরে গত বুধবার মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
