আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, হাতিরঝিল থেকে হেলিকপ্টার দিয়ে পানি এনে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নেভানো ছিল সরকারের খেলা। তিনি বলেন, হেলিকপ্টারের অল্প পানি দিয়ে ভয়াবহ এই আগুন নেভানো কখনো সম্ভব নয়। বর্তমান ক্ষমতাসীন সরকার সাধারণ মানুষের সঙ্গে তামাশা-মশকরা করছে। রাজধানীর প্রাণকেন্দ্রে আগুন লাগলেও সরকার তা নেভাতে ব্যর্থ হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজিস্ট্রেশন বি-১৯০১) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সাবেক কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরীর ৫র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্রমিকনেতা আবুল কাশেম চৌধুরীর স্মৃতিচারণ করে নজরুল ইসলাম বলেন, যখন তিন বছরের জন্য রাষ্ট্রদূত হয়ে দেশের বাইরে যাই তখন আমি শ্রমিক দলের সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেই।
আমি মনে করি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে সভাপতির পদ ধরে রাখার কোনো প্রয়োজন নেই। তখন কাশেম চৌধুরী ভাই প্রথম আপত্তি জানান। কাশেম ভাই বলেন, আমি সভাপতির দায়িত্ব পালন করবো, কিন্তু ভারপ্রাপ্ত। আপনার পদত্যাগের প্রয়োজন নেই। তখন তিনি খুব সুন্দরভাবে জাফরুল হাসান ভাইকে নিয়ে তিন বছর শ্রমিক দলের নেতৃত্ব দেন। তিনি বলেন, আজ এরকম নেতৃত্ব আমাদের মধ্যে নেই, আমরা তাদের প্রয়োজনীয়তা অনুভব করি। তাই শ্রমিক দলকে শক্তিশালী করতে তাদের মতো নেতৃত্ব তৈরি করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, পদের জন্য দৌড়ানো অত্যন্ত অমর্যাদার বিষয়। পদের জন্য আপনি যার কাছে তদবির করছেন তিনি আপনাকে কতখানি ঘৃণা করছেন তা কল্পনাও করতে পারবেন না। তাই আপনারা পদের পেছনে না দৌড়ে নিজেদের নেতা হিসেবে যোগ্য করে গড়ে তুলুন। নজরুল ইসলাম খান বলেন, চলমান আন্দোলন বেগবান করতে শ্রমিক দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজিস্ট্রেশন বি-১৯০১) সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের খাজা, ওলামা দলের শাহ মোহাম্মদ নেছারুল হক, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার, ঢাকা দক্ষিণ শ্রমিক দলের সুমন ভুইয়া, মাহবুব আহমেদ বাদল প্রমুখ।
