আলো ডেস্ক: কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। গতকাল বৃহস্পতিবার সকালে বেনাপোল রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন উপকমিশনার তানভীর আহম্মেদ, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, শার্শা উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ফারজানা ইসলাম, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া প্রমুখ। বেনাপোল স্টেশন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের কর্মকর্তারা জানতে পারেন ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা কলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে পণ্য আনছেন।
পরে গতকাল বৃহস্পতিবার সকালে বেনাপোল রেলস্টেশনে ট্রেনে অভিযান পরিচালনা করে ১৩ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার তানভীর রহমান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দ মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা দেওয়া হয়েছে।
