আলো ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে যৌতুক না পেয়ে নিজের কিশোরী কন্যার সামনে স্ত্রীকে পিটিয়ে আহত করেন মির্জা সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি। পরে তাকে হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাম্প্রতিক এই ঘট্নায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মির্জা সাখাওয়াত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তিনি দায় স্বীকার করে জবানবন্দি দেন। ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা নাসরিন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি।
গতকাল রোববার মোহাম্মদপুর নারী ও শিশু জিআরের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, ফাতেমা নাসরিন ও মির্জা সাখাওয়াত হোসেনের দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবন। তাদের ১৭ বছর বয়সী এক কিশোরী কন্যাও রয়েছে। বিয়ের পর থেকেই সাখাওয়াত বিভিন্ন সময় ফাতেমার কাছে যৌতুক দাবি করে আসছিলেন। ফাতেমা যেন ঠাকুরগাঁওয়ে তার পৈতৃক বাড়ি বিক্রি করে এনে তাকে ১ কোটি টাকা দেন; এজন্য চাপও দিতেন। ওই পৈতৃক বাড়িতে আরও অনেকের অংশ রয়েছে। তাই একা বিক্রি করা যাবে না বলে ফাতেমা তার স্বামী সাখাওয়াতকে জানান।
এতে মির্জা সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, সন্তান ও সংসারের কথা চিন্তা করে এসব অত্যাচার সহ্য করে আসছিলেন ফাতেমা। দিন দিন সাখাওয়াতের নির্যাতন বেড়ে যাওয়ায় ফাতেমা আর সহ্য না করতে পেরে জানুয়ারি মাসে পঞ্চগড় সদর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই মামলায় সাখাওয়াত গ্রেপ্তারও হয়েছিলেন। পরে তিনি জামিনে বের হয়ে আবারও যৌতুকের টাকার জন্য ফাতেমাকে চাপ দিতে থাকেন।
গত ৮ মার্চ মোহাম্মদপুরের বাসায় সংঘটিত ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, সেদিনও যৌতুকের টাকার দাবিতে সাখাওয়াত তার স্ত্রীকে চাপ দিতে থাকেন। এর প্রতিবাদ করলে সাখাওয়াত ধারালো বটি ও মশলা বাটার কাঠের বাটনা দিয়ে ফাতেমার মাথা থেঁতলে দেন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। সবশেষ যখন সাখাওয়াত তার স্ত্রীকে ধারালো দিয়ে জবাই করতে উদ্যত হন, তখন তাদের সন্তান এসে বাধা দেয়।
পরে ফাতেমাকে দ্রুত উদ্ধার করে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গত ১৭ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৮ মার্চ ভিকটিমের বড় বোন আরজিনা বেগম (৫২) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
