আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘আমরা রক্ত দিতে শিখেছি, জেলখানায় যেতে শিখেছি, কোর্টে হাজিরা দিতে শিখেছি; তাই আমাদের ধমক দিয়ে কোনো লাভ হবে না’। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি’র প্রতিবাদে ‘অবস্থান কর্মসূচি’তে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) যদি ভাবেন বিএনপিকে আবারও কৌশল করে ভোটে নিয়ে আসবেন, আবার কৌশল করে ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে করবেন, তা আর হবে না। এই কৌশল তারেক রহমান বুঝে ফেলেছেন। আমাদের কৌশলগতভাবে আবার পরাজিত করবেন। সেই কৌশল আর আমাদের ওপর প্রভাব খাটাতে পারবে না।’
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করবে। তারপর আমরা ফাইনাল খেলা খেলবো। বাঁশি বাজাবার অপেক্ষা বিএনপি করবে না। সেই ফাইনাল খেলার আগে অনুরোধ জানাবো, আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতা ছেড়ে দেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন, সংসদ ভেঙে দেন; অথর্ব নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বলেন।
গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী কাউন্সিলর খালেদা আলম, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
