আলো ডেস্ক: সাবেক কর কর্মকর্তা মাহবুবুর রহমান মারা গেছেন, যিনি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর দীর্ঘদিন বিভিন্ন বেসরকারি বিশ্বাবদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৯ মার্চ ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবুর রহমান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা মাহবুবুর রহমান সরকারি চাকরি শুরু করেছিলেন কর কর্মকর্তা হিসেবে। কর কমিশনার ছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, বিআরটিসি এবং বাংলাদেশ জুট করপোরেশনে সদস্য/চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
অবসরের পর গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ গ্রুপ অব কোম্পানিজের ট্যাক্স অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন ছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি সদস্য ছিলেন তিনি। মাহবুবুর রহমানের তিন সন্তানের মধ্যে দুই ছেলে অস্ট্রেলিয়ায় এবং এক মেয়ে কানাডায় থাকেন।
