আলো ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে বিথী বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে তালা দেওয়া ঘর থেকে বিথী বেগমের লাশটি উদ্ধার করা হয়। বিথী বেগম ওই গ্রামের শাকিরুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কোন একসময় নিজ শয়ন ঘরে বিথী আক্তারের মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল গৃহবধূ বিথী বেগমের লাশ উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ গাইবান্ধা জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর তা জানা যাবে।
