আলো ডেস্ক: বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। তার লাশ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় বিএফ শাহীন স্কুল ও কলেজের বাসটি (ঢাকা চ- ৩৮৭৭) জব্দ করেছে পুলিশ।
তবে চালক ও তার সহকারী পলাতক। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন জানান, সকালে আলুবোঝাই একটি ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলো। এ সময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী ওই স্কুলবাস পেছন থেকে ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাসে কিছু শিক্ষার্থীও ছিল। তারা ঘটনার পরে বাস থেকে নিরাপদে নেমে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু: এদিকে পৃথক একটি দুর্ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় সাদ্দাম হোসেন (৩৭) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কুড়াইল গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি বগুড়া শহরে ওষুধ কোম্পানি ইউনিমেড-ইউনিহেলথে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দুপচাঁচিয়া থানার এসআই মোসাদ্দেক হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন দুপচাঁচিয়া হাসপাতাল রোড থেকে মোটরসাইকেলে থানা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় আক্কেলপুরগামী একটি ট্রাক সাদ্দাম হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
