আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত থেকে গুলি ও পিস্তল আনতে গিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন আবদুস ছালাম (২৭) নামে এক যুবক। গত রোববার রাতে উপজেলার কানসাট ইউনিয়নের গোপাল নগর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছালাম নীলফামারীর সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের মৃত সলেমানের ছেলে। র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোপাল নগর মোড়ে অভিযান চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ আবদুস ছালামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ছালাম সৈয়দপুরের বাসিন্দা। অবধৈ অস্ত্র নিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এসেছিলেন তিনি। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
