আলো ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বিশেষ বিবেচনায় জামিন দিয়েছেন আদালত। তার অন্তঃসত্ত্বার বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার বিকেলে মাহিয়া মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাহিকে বিকেল ৫টায় জামিন দেন আদালত। এর আগে দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুর ১২টার দিকে জিএমপির সদস্যরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করেন।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে গত শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।
