আলো ডেস্ক: নরসিংদীর শিবপুরে মনি আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বারান্দার গ্রিলে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া গ্রামে তার স্বামী ইসমাইল হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা স্বামী ইসমাইল হোসেন, দেবর শামীম, শ্বশুর রফিজ উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তোলে দিয়েছে। স্থানীয়রা জানায়, প্রায় ১৪ বছর আগে শালুরদিয়া গ্রামের মৃত শরিয়ত উল্লাহ মোক্তারের মেয়ে মনি আক্তার ও একই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ইসমাইল ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসার ভালই কাটছিলো।
ঘর আলো করে তাদের সংসারে আসে তিন মেয়ে ইসমা (১১), তাবাসসুম (৯) ও ৬ মাসের তাসনিন। তবে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে বাবাকে মারধরও নির্যাতনের মামলায় একাধিকবার জেল ও খেটেছেন ছেলে ইসমাইল। গত শুক্রবার রাতে বাবা-ছেলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছেলেকে মারধর করে ঘরের জিনিসপত্র ভেঙে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় বাবা। এর জেরে গৃহবধূ মনি হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্বজনদের ধারণা।
মৃতের মা বিলকিস বেগম বলেন, আমার মেয়েকে তারা হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি তাদের ফাঁসি চাই। পুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুব বলেন, এলাকায় ইসমাইলের বাবা খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তার সঙ্গে এলাকার কেউ চলাচল করে না। তাই হত্যার খবর পেয়ে এলাকার লোকজন মৃতের স্বামী, দেবর, শ্বশুরকে আটক করে পুলিশে দিয়েছে। আমরা এলাকাবাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল ফায়েজ বলেন, আমরা খবর পেয়ে মৃতের স্বামীর ঘরের বারান্দায় বসা অবস্থায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ট্রেনে কাটা পড়ে নিহত ১: নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার জিনারদীর সাতটেকিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে রেলপুলিশ। রেল পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জিনারদীর সাতটেকিয়া এলাকার রেললাইনের পাশে এক পুরুষের ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।
রেল পুলিশের ধারণা গত শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ মধ্যে ঢাকা- চট্টগ্রাম-সিলেট অভিমুখে চলাচলকারী কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা মরদেহের পরিচয় শনাক্তে কাজ করবে। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
