আলো ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকীব মাহবুব। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে কেন নির্বিঘ্নে বিদেশ যেতে ও দেশে ফিরে আসতে সুযোগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সাতদিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে রুলের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
ধারাবাহিকতায় গতকাল বুধবার সেটি শুনানি হয়। এর আগে নির্বিঘ্নে বিদেশ যেতে ও দেশে ফিরে আসতে আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়াল হাইকোর্টে রিট করেন। তাফসির মোহাম্মদ আউয়াল জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রের পাশাপাশি পড়াশোনা করেছেন যুক্তরাজ্যেও।
