আলো ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার ভোরে উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রশিদ (৩৫) বালুখালী ক্যাম্পের বাসিন্দা ও ক্যাম্পের স্বেচ্ছাসেবক ছিলেন।
উখিয়া থানার ওসি শেখ মো. আলী বলেন, ক্যাম্পের একটি এনজিও অফিস এলাকায় রাতে পাহারা শেষ করে নিজ শেডে ফিরছিল রশিদ। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এদিকে, গত কয়েকমাস ধরেই ক্যাম্পে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা।
এরই ধারাবাহিকতায় ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। এর মাঝে গত ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার ঘরবাড়ি পুড়ে যায়। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছেন।
