আলো ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভুলু আকন্দ (৬৫) নামে এক যাত্রী নিহত ও আরো ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার রয়না ভরট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভুলু নাটোরের সিংড়া উপজেলার আধঘোলা গ্রামের মৃত আমজাদ আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে রয়না ভরট হাটের পশ্চিম পাশে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব ১৫-২৫৯৬) সঙ্গে সিরাজগঞ্জগামী রত্না পরিবহণের (ঢাকা মেট্রো ব ১৫-১৪৮২) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুইটি মহাসড়ক থেকে ছিটকে নীচে রসুনের জমিতে পড়ে যায়।
এতে রত্না পরিবহনের যাত্রী ভুলু আকন্দ নিহত ও দুই বাসের আরো অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে রত্না পরিবহণের চালকসহ চারজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মরদেহটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
