আলো ডেস্ক: নির্জন রাস্তায় পথচারী দেখলেই সামনে গিয়ে সালাম দেয় তারা। তখন পথচারী দাঁড়িয়ে সালামের জবাবে নিলেই বিপদ। কারণ, ততক্ষণে পথচারীকে ঘিরে তারা সবাই ছোরা বের করে ফেলে। এরপর ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এভাবেই দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসা একটি চক্রের ৪ সদস্যকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু ও ১ টি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. ওমর (১৬), মো. উজ্জ্বল হোসেন তালুকদার (২৬), মো. মিজান (২৪) এবং মো. নয়ন (২৬)। এদের মধ্যে ওমরের বিরুদ্ধে ৩টি, নয়ন, উজ্জ্বল এবং মিজানের বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে। গতকাল শুক্রবার মিরপুর থানার ওসি মোহাম্মদ মহাসীন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে মিরপুর মডেল থানার স্বাধীন বাংলা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনই চিহ্নিত ছিনতাইকারী। তাদের ছিনতাইয়ের ধরন হচ্ছে তারা রাতে নির্জন এলাকায় অবস্থান করে। কেউ যাতে সন্দেহ না করে সেজন্য নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে থাকে। রাস্তায় একা কোনো পথচারী দেখলে সালাম দেয় তারা। তখন পথচারী দাঁড়ালেই সবাই ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
