আলো ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মাছবাহী পিকআপচালক আলমগীর হোসেন (৩০) নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর হোসেন জেলার জহুরুল হোসেনের ছেলে। আহতরা হলেন- বাসের সুপারভাইজার লুৎফর রহমান, চালকের সহকারী রাকিবুল ইসলাম পিকআপে থাকা মাছ ব্যবসায়ী স্বপন কুমার।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে মাছবাহী একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলের পিকআপচালকের মৃত্যু হয়। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
