আলো ডেস্ক: জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটির নেতারা বলেছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করবে।
গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। তবে স্পষ্টভাবে জানাচ্ছি, এ দেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু কমিশন চায় না, তথাকথিত সুরক্ষা আইন চায় না। গোবিন্দ চন্দ্র প্রামাণিক আরও বলেন, এসব আইন ও কমিশন হিন্দু সমাজের কোনো উপকারে আসবে না। হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই হিন্দু সম্প্রদায়ের একমাত্র দাবি।
অন্য কোনো আইন হিন্দু সমাজ মেনে নেবে না। তিনি আরও বলেন, আমরা এটাও বলে রাখতে চাই আগামী নির্বাচনের আগে সরকার যদি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিল উত্থাপন না করে এবং সংবিধান সংশোধন করে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা না করে তাহলে দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জনের মতো কর্মসূচি নিতে বাধ্য হবে।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বীপ কুমার পাল, সাংগঠনিক সম্পাদ সুশান্ত কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাগচী, যুগ্ম মহাসচিব রুহুল কুমার মণ্ডল, দপ্তর সম্পাদক কল্যাণ মণ্ডল, যুব বিষয়ক সম্পাদক কিশোর বর্মন, হিন্দু মহিলা জোটের নির্বাহী সভাপতি অধ্যাপিকা বহ্ণিশিখা দাস প্রমুখ।
