আলো ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাছের ডাল কাটার সময় পড়ে আলমগীর হাওলাদার (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর একই ইউনিয়নের কলাকাপো এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার সকালে আলতাফের বাড়িতে কেনা গাছ কাটতে যান তিনি। আলতাফও তাকে সহযোগিতা করেন। তবে গাছে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান আলমগীর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হবে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
