আলো ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাবে শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনের কাছে। নিহতারা হলেন শফিকুজ্জামান শফিক (৪৬), আবদুল মান্নান (৬৩) ও মোহাম্মদ সাদিকুর রহমান (৩২)। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে ১২টার মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
প্রক্রিয়া শেষে ফরেনসিক বিভাগের প্রভাষক ফাহমিদা আখতার জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে। নিউমার্কেট থানার পুলিশের এসআই আবদুর রহমান জানান, ৩ জনের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শফিকুজ্জামান শফিকের লাশ তার ভাই বুঝে নিয়ে জানান, আমার ভাই নিউ জেনারেশন কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে ছিলেন। আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর জেলার লক্ষ্মীপুর দুলদি গ্রামে। সাভারের গেন্ডা এলাকায় থাকতেন।
লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মো. সাদেকুর রহমানের ভাই তুষার জানান, আমার ভাইয়ের লাশ গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো বটেশ্বর গ্রামে দাফন হবে। সাদেকুর রহমানেও নিউ জেনারেশন লিমিটেডে মার্কেটিং বিভাগে কাজ করতেন বলে জানান তুষার। অন্যদিকে নিহত আবদুল মান্নান ছিলেন নিউ জেনারেশন লিমিটেডের মার্কেটিং ম্যানেজার। তার বাড়ি গাজীপুর জেলার টঙ্গী গাজিপুরা এলাকায়। লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ছেলে মো. আশিক।
এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। সরেজমিনে ওই ভবনে গিয়ে দেখা গেছে, ভবনটিতে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ লেখা সাইনবোর্ড ঝুলছে। সেটি লাগিয়েছে ডিএনসিসি। সকাল থেকেই পুলিশের একটি দল নিরাপত্তার জন্য ভবনটির চারপাশ ঘিরে রেখেছে। বিস্ফোরণের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ বলেন, আজকে মামলা করা হবে। প্রসঙ্গত, গত রোববার সকাল ১০টা ৫০ মিনিটে তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে। বিস্ফোরণের কারণে সেটি ধসে পড়ে এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেদিন সকাল থেকে চেষ্টা করে সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ জানান, ভবনের পয়ঃনিষ্কাশন লাইনের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
