আলো ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে গলাকাটা অবস্থায় রাস্তার পাশ থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে ভ‚ঞাপুর-গোপালপুর সড়কের উপজেলার পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের পাশের রাস্তা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত জাহিদ ভ‚ঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজনের ছেলে।
সে ৭ম শ্রেণির ছাত্র ছিল। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় জাহিদ বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়। খবর আসে পাঁচটিকড়ি এলাকায় তার লাশ পাওয়া গেছে। লাশ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। লোকেড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে। ঘাটাইল থানার ওসি আজাহারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
