আলো ডেস্ক: ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ‘সমন্বয়ের অভাব’ থাকার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকেও এককভাবে বলি না। পুলিশের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল। সেখানে সমন্বয়ের কোথাও অভাব ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার গ্রেড-১ পদে পদোন্নতি পান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, সমন্বয়ের অভাব থাকার কারণে ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল কিংবা যখন তারা রওনা করেছে তখন যে তথ্য জানানোর কথা ছিল সেই জায়গাগুলোতে কোথাও অভাব ছিল। যার কারণে এমনটা হয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা সামনে নিশ্চিত থাকতে পারেন যে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা চাইবো আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। এসময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছরের ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে আসা চার জঙ্গি পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়।
ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। দুজনেই জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানা যায়। খুরশীদ হোসেন বলেন, সংস্থাটির কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, শিথিল হওয়ার সম্ভাবনা আছে। তারা যেসব বিষয়ে জানতে চেয়েছিল, সেগুলোর অনেক কিছু ফেক (ভুয়া) ছিল, তাদের মিসগাইড করা হয়েছিল। আমরা সাক্ষ্য-প্রমাণ দিয়েছি, তারা সন্তুষ্ট। র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়েছিল তারা এখন র্যাবের প্রশংসা করছেন। দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেকে জীবন দিয়েছেন।
নির্বাচনী ভূমিকা নিয়ে ডিজি বলেন, যখন নির্বাচন হবে, আইনশৃঙ্খলা বাহিনী তখন নির্বাচন কমিশনের আওতায় থাকে। সামনে যে নির্বাচন তাতে সব দল অংশগ্রহণ করবে। নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরাপদ হতে পারে সে দায়িত্ব আমরা পালন করবো। র্যাবের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে র্যাব মহাপরিচালক বলেন, নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না। আমাদের যেসব কর্মকর্তার প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নিয়ে কিছুকিছু প্রশ্ন জানতে চেয়েছে। আমরা প্রমাণসহ জবাব দিয়ে দিয়েছি।
সেক্ষেত্রে আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। আপনারা জানেন র্যাব ইচ্ছে করলে যে কোনো কাজ করতে পারে না। আমাদের কিছু বিধি আছে। আমরা তার মধ্যে থেকেই কাজ করি। র্যাব জবাবদিহির বাইরে না, আমরা ঘটনার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তরকে অবহিত করে দিই। র্যাবের কোনো সদস্য বিন্দুমাত্র ভুল করলে শাস্তি হয়নি, এমন নজির নেই।
কেউ সেখান থেকে রেহাই পায়নি। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে না, মানবিক বিষয়গুলো নিয়েও কাজ করে। আমরা চেষ্টা করছি জঙ্গি-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি। র্যাব সব সময় মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে এটাই আমাদের নতুন পরিকল্পনা, যোগ করেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
