আলো ডেস্ক: নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আবদুর রহমান খাঁন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুর রহমান নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ধর্ষণের কথা পুলিশকে জানান। গতকাল সোমবার বিকেলে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বিষয়টি নিশ্চিত করেন। ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ভুক্তভোগী মেয়ের নানির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।
সেই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী মেয়ের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। মেয়েটির বাবা এবং তার ছোট ভাইসহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন। তিনি বলেন, গত ২৭ ও ২৮ জানুয়ারি রাতে মেয়েকে ধর্ষণ করেন আবদুর রহমান। ঘটনা জানাজানি হলে আবদুর রহমান নিজেই ৯৯৯-এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন।
বোয়ালমারী থানা থেকে গতকাল সোমবার তাকে মিরপুর থানায় পাঠানো হয়। এরপর ভুক্তভোগী মেয়েটির নানি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
