আলো ডেস্ক: ফায়ার সার্ভিসের ধারণা, রাজধানীর গুলশানে ভবনের ৪ তলার লিফটের পাশে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। চার তলায় হার্ডবোর্ড দিয়ে আবদ্ধ ছিল লিফট চলাচলের জন্য বৈদ্যুতিক তার। সেই লিফটের বৈদ্যুতিক তার থেকেই আগুন ছড়িয়ে সাত তলায় যায়।
গতকাল সোমবার দুপুরের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন কাছে এসব কথা বলেন। তিনি বলেন, ওই ভবনের চার তলায় লিফটের পাশে হার্ডবোর্ড দিয়ে তৈরি একটি ইলেকট্রিক বোর্ড ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনে ৫ ও ৬ তলায় তেমন ক্ষতি না করে উঠে যায় সাততলায়।
তারপরে উপরের দিকে ১০, ১১,১২ তলায়। তিনি আরও বলেন, চারতলা লিফটের পাশে বৈদ্যুতিক তারে গোলযোগের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা আমাদের।
তবুও ৫ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত অনুসন্ধান করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সঠিক কারণ বেরিয়ে আসবে। ইতোমধ্যে ভবনটি পুলিশের নিরাপত্তায় মালিকদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
