আলো ডেস্ক: পবিত্র শবে বরাত কবে জানা যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। এজন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবে বরাত পালিত হবে ৭ মার্চ দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে গতকাল সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার। এ ক্ষেত্রে ৮ মার্চ দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
