আলো ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় পুত্রের হাতে মোঃ মতিউর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে। পুলিশ পুত্র মোঃ আলাউদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে। দুই বছর পূর্বে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন। গতকাল শুক্রবার সকালে পিতার কাছে টাকা চায় সে। কিন্তু পিতা মতিউর রহমান টাকা না দেয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শীল নোড়া দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মাথা, পা ও হাত থেতলে দেয়। এতে মতিউর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ সময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এর আগে দুই বছর আগে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এ ব্যাপারে শরণখোলা থানায় একটি মামলা রয়েছে।
