আলো ডেস্ক: রাষ্ট্রপতি পদ লাভজনক বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ধারণা অবান্তর ও অমূলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। রাষ্ট্রপতি লাভজনক কোনো পদ নয় বলেও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। গতকাল বুধবার দুপুর পৌনে ২টায় অ্যাটর্নি জেনারেল তার নিজ কার্যালয়ে এ কথা বলেন।
গত ১২ ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়। এই পদে একক প্রার্থী হওয়ায় ১৩ ফেব্রুয়ারি তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।
বর্তমান রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। মো. সাহাবুদ্দিন এর আগে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার।
আইন অনুযায়ী, দুদক কমিশনাররা কোনো ধরনের লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারেন না। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এ নিয়ে বিতর্ক উঠেছে।
