স্টাফ রিপোর্টার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৩ ছাত্রকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, শাহ আলম রাতুল, কামরান সিদ্দিক রাশেক এবং নূর মোহাম্মদ নাবিল। তারা সকলেই রুয়েটের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তাদের বিরুদ্ধে মামলা করেন ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র মো. নাজমুল হাসান।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।
তিনি জানান, বুধবার দুপুরের দিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে রুয়েটের তিন ছাত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইবলিশ চত্বরে বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন নাজমুল হাসান। ওই সময় অজ্ঞাতপরিচয়ে কয়েকজন এসে তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে ওই ছাত্রীকে বাসায় যেতে বাধ্য করে, নাজমুলকে রুয়েটে ভেতরে তুলে নিয়ে যায়।
রুয়েটে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে কাজলা সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে মারধর করা হয়। প্রাণে বাঁচতে তৎক্ষণাৎ ২০ হাজার টাকা দিতে বলা হয়। তখন ভুক্তভোগী বন্ধুদের ফোন দিয়ে টাকা চান। টাকা দিতে বিলম্ব হওয়ায় অভিযুক্তরা তার বাবাকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দিতে চাপ দেন এবং নাজমুলকে মারধর করেন।
এক পর্যায়ে নাজমুলের বন্ধুরা মতিহার থানায় বিষয়টি জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
