আলো ডেস্ক: সিরাজগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সিফাত রহমান (৮) নামে এক শিশু নিহত হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে শহরের বাহিরগোলা রোডের পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত খোকশাবাড়ী গ্রামের আবদুল আল-মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক নূর-ই-এলাহী জানান, সিফাত রহমান অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল।
তার এ মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে পাঠশালা স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা সিফাতকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত মারা যায়। পুলিশ পৌঁছার আগেই অটোরিকশাটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে গতকাল মঙ্গলবার ভোরে কামারখন্দের কর্ণসূতি ও শাহজাদপুরের মশিপুর গ্রাম থেকে দুজনের ঝুলন্ত লাশ লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-কর্ণসূতি গ্রামের মৃত তোফাজ্জল মÐলের মেয়ে ছালেকা (৫২) ও শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার ইসহাক আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৮)। কামারখন্দ থানার ওসি নূরনবী প্রধান ও শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনই আত্মহত্যা করেছেন।
এছাড়া সিরাজগঞ্জের বেলকুচিতে একটি মাঠে পড়ে থাকা অবস্থায় মনিরুল ইসলাম (২০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনিরুল ওই গ্রামের মৃত আবদুস ছালাম প্রামাণিকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে দশখাদা এলাকার মাঠে মনিরুলের গলা কাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
