আলো ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে রতন হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, ফোরকান ভূইয়া, শাহেদ ভূইয়া ও এ্যাংগু ভূইয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তফা ভূইয়াকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া রায় ঘোষণার আগে এক অভিযুক্ত মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২৯ আগস্ট রাতে কটিয়াদী উপজেলার করগাঁও ভাট্টাবাজার থেকে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য রফিুল ইসলামকে রাস্তায় কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একই বছরের ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আনার ভূইয়া বাদী হয়ে কটিয়াদী থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবু সাইদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। রায় ঘোষণার আগে মৃত্যুবরণ করায় মামলার আসামি জমশেদ ভূইয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া বয়স কম হওয়ায় আরেক আসামিকে শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
