আলো ডেস্ক: ফেনীর কাজিরবাগে একটি পুকুর থেকে মোবারক হোসেন চৌধুরী (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের হাজী বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মোবারক ফুলগাজী উপজেলার বন্দুয়া গ্রামের মৃত নজির আহাম্মদ চৌধুরীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় হাজী বাদশা মিয়ার বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে লাশ ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক ভোর বেলায় ঘর থেকে বের হয়। পরে সে ওই পুকুরে গিয়ে ডুবে যায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
