আলো ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৩ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৭৮ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিমমিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ২৮২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ২৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৩৬৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬১ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ৪৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত একজন নারী। তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এবং তিনি রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালে মারা যান। আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দুই জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছয়জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৪৬ জন।
আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮৩৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
